ওয়ার্ক অর্ডার কমে যাওয়ায় ঈদে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের অনিশ্চয়তায় সহায়তা চেয়ে সহজ শর্তে ব্যাংক ঋণের কথা জানিয়েছেন মালিক ও পোশাক শ্রমিক নেতারা।
ঈদের আগেই তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে অনিশ্চয়তার কথা জানান তৈরি পোশাক শ্রমিক নেত্রী নাজমা আক্তার।
এ অবস্থায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে শ্রম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সহায়তা চেয়েছেন তারা। তবে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন-বিজিএমইএ জানিয়েছে, সহজ শর্তে ঋণ দেয়ার ব্যাপারে ব্যাংকগুলো নমনীয় হলে গার্মেন্টস মালিকদের পক্ষে এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব।
দেশ টিভিকে দেয়া এক সাক্ষাতকারে তৈরি পোশাক কারখানা মালিকরা অনেকটা আশ্বস্ত করে বিজিএমইএয়ের সভাপতি আতিকুল ইসলাম বলেন, এখনই এ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
ঈদ এলেই তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে শুরু হয় নানা টালবাহানা। এর জেরে শ্রমিক অসোন্তষ দেখা দিলে শুরু হয় অকারণে কর্মী ছাঁটাই। কয়েকটি পোশাক কারখানায় পরপর ভয়াবহ দুর্ঘটনার কারণে এ শিল্পে ওয়ার্ক অর্ডার কমে যাওয়ায় এবারো শ্রমিকদের ঈদের বেতন-বোনাস পরিশোধ অনিশ্চিত হয়ে পড়েছে।
এ অবস্থায় পোশাক শ্রমিকদের কথা বিবেচনা করে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা।