রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের পক্ষ থেকে খুচরা বাজারে বেগুন, শসা ও কাঁচা মরিচের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে বাজার পরিদর্শন শেষে দাম নির্ধারণ করলেও খুচরা বিক্রেতারা নির্ধারিত দামে পণ্য বিক্রয়ে রাজি নন। আর ক্রেতারাও এ দামে পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন।
নিত্যপণ্যের বাজার তদারকির অংশ হিসেবে শুক্রবার রাতে কারওয়ান বাজারের পাইকারী কাঁচা বাজার পরিদর্শন করেন এফবিসিসিআই, বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল।
এ সময় তারা কাঁচা মরিচ, শসা এবং বেগুনের খুচরা বাজারে বিক্রয়ের দাম নির্ধারণ করে দেন।
তারা বলেন, নির্ধারিত দামে যাতে বাজারে সবজি বিক্রি হয় সেটা তদারকি করা হবে। বাজারে সবজির সরবরাহ উঠা নামা করায় স্বয়ং কারওয়ান বাজার থেকে করে বেশিরভাগ বাজারে সবজি বিক্রেতারা নির্ধারিত দামে পণ্য বিক্রি করছে না।
এদিকে, সরকার নির্ধারতি দামে সবজি কিনতে গিয়ে ক্রেতারাও হিমশিম খাচ্ছেন। ক্রেতাদের অভিযোগ সরকারের পক্ষ থেকে সঠিকভাবে বাজার তদারকিও হচ্ছে না।