জ্বালানি সাশ্রয়ে প্রয়োজনে আইন করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। শনিবার রাজধানীতে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে পেট্রো বাংলা সেন্টারে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।
এরফলে এক তৃতীয়াংশ জ্বালানির অপচয় রোধ করা সম্ভব হবে বলেও জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।
একই অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সম্পদ মাটির নিচে রেখে লাভ নেই আগামী দিনে তা কীভাবে ব্যবহার করা হবে, তার জন্য সিদ্ধান্ত নেয়ার এখনই সময়।
জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে সেমিনারে এ খাতের বিভিন্ন দিক তুলে ধরেন আলোচকরা।
বক্তারা বলেন, অতীতের সব রেকড় ছেড়ে বর্তমানে প্রতিদিন গড়ে ২৩৩৫ ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে।
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, কয়লা নীতির আলোকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উত্তোলন সম্ভব হলে দেশের সার্বিক জ্বালানি সংকট দূর হবে। প্রয়োজনে জ্বালানি সাশ্রয় করতে আইন করা হবে।
সিদ্ধান্তহীনতা সঠিক নেতৃত্বের প্রমাণ নয় উল্লেখ করে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশে অনেক সম্পদ রয়েছে এর সুষ্ঠু ব্যবহারে যথাযথ পরিকল্পনা এখনই প্রয়োজন।
পরে জ্বালানি খাতে বিশেষ অবদানের জন্য বাপেক্সকে জ্বালানি পদক দেয়া হয়।