ঋণ বিতরণে অনিয়ম ও দুর্নীতি ধরা পড়েছে অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে। এ অভিযোগে এরইমধ্যে ৩টি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সুর চৌধুরী।
মঙ্গলবার সকালে রাজধানীতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সুর চৌধুরী বলেন, আরও কয়েকটি প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনার প্রক্রিয়া চলছে।
হঠাৎ করেই অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের জরুরি বৈঠকে আর্থিক প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি উঠে আসে সার্ভিজ চার্জ, গ্রাহক ভোগান্তির কথাও। তবে বেশি গুরত্ব দেয়া হয় ব্যাংকের এসব আর্থিক প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির বিষয়টির ওপর।
বৈঠক শেষে ডেপুটি গভর্নর সাংবাদিকদের বলেন, এসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এরইমধ্যে তিনটি প্রতিষ্ঠান জরিমানা করা হয়েছে। আরও কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়কে সব আর্থিক প্রতিষ্ঠাকে বৈঠকে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।
এর পাশাপাশি ঋণ নিয়ে সঠিক খাতে ব্যবহার করছে কি না— সে বিষয়ে নিয়মিত বাংলাদেশ ব্যাংকে অবহিত করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান ডেপুটি গভর্নর।
তিনি বলেন, সার্ভিজ চার্জ বাড়ানো যাবে কিনা এবং শাখা প্রতিষ্ঠান খোলা যাবে কিনা সে বিষয়েও এক মাসের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে।