সারাদেশে বন্যা ও টানা বৃষ্টির কারণে এ সপ্তাহেও রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম বাড়তির দিকে। দাম আকাশচুম্বি হওয়ায়, সবজির বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ভোক্তাদের। দাম বেড়েছে ডিম, মাছ-মাংশের।
এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এখনই শক্ত হাতে বাজার তদারকির দাবি জানালেন সাধারণ মানুষ।
সারাদেশে বন্যা ও টানা বৃষ্টির প্রভাব রাজধানীর কাঁচাবাজারেও পড়েছে। সবজি থেকে শুরু করে মাছ, মাংস সব পণ্যের দামই বাড়ছে।
সাপ্তাহিক ছুটির দিনে বাজারে সবজি কিনতে গিয়ে ক্রেতাদের বাড়তি অর্থ গুণতে হচ্ছে। দাম বেড়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। শসা, করলা, বটবটি, শিমসহ বেশিরভাগ সবজি কেজি প্রতি বেড়েছে ২০ টাকা।
চাল, তেল, আদা-রসুনের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে পেয়াজের দাম। আর এ দাম বাড়ার জন্য বৃষ্টি, বন্যা ও পরিবহন সংকটকেই দায়ী করছেন বিক্রেতারা।
দাম বেড়েছে ডিম, ব্রয়লার মুরগী এবং মাছের বাজারেও। ইলিশসহ অন্যান্য মাছের দাম বাড়লেও বিক্রেতার দাবি মাছের দাম কমতির দিকে। তবে ভোক্তারা বলছেন, পণ্যমূল্য নিয়ন্ত্রণের জন্য নিয়মিত বাজার মনিটরিং দরকার।