দেশের সর্বোচ্চ করদাতাদের এখন বাণিজ্যিকভাবে গুরত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি মর্যাদা প্রদানের ব্যবস্থা করা হবে–এ ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী সবাইকে কর প্রদানের আহ্বান জানানোর পর সর্বোচ্চ কর প্রদানকারীদের বিশেষ সম্মান প্রদানের কথা বলেন।
২০১৪-১৫ অর্থবছরের বাজেটে রাজস্ব আয়ের প্রায় ৩৮% বা ৫৭ হাজার কোটি টাকা আয়কর থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর শুধু এ মেলা থেকেই আদায় করা হবে প্রায় দেড় হাজার কোটি টাকা।
এ আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয়েছে জাতীয় আয়কর মেলা-২০১৪।
মেলায় আয়কর প্রদানের পাশাপাশি নতুনদের করদাতা সনাক্তকারী নম্বর বা টিআইএন দেয়া হচ্ছে।
মেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নারী-পুরুষসহ সব ধরনের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আয়কর জমা দিতে এসেছেন বেশ উৎসাহ নিয়েই।
করদাতারা বিনা ঝামেলায় কর দিতে পেরে যেমন খুশি তেমনি দাবি জানিয়েছেন এ প্রক্রিয়া আরও সহজ করা।
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী ১৬ কোটি মানুষের দেশে করদাতার সংখ্যামাত্র ১৮ লাখ। এরমধ্যে আবার ১২ লাখ করদাতাই নিয়মিত কর দেন না। মেলায় কর দিতে আসা করদাতারা তাই কর প্রদানে উপযুক্ত সবাইকেই কর দেয়ার আহ্বান জানান।
যারা নতুন করে করের আওতায় আসতে চান তাদের জন্য মেলায় হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। মাত্র ৩০-৪০ মিনিটের মধ্যেই টিন নম্বর দেয়া কাজ শেষ হচ্ছে।