মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া বাংলাদেশকে অবাধ বাজার সুবিধা (জিএসপি) বন্ধ থাকায় পণ্য রপ্তানিতে কোনো সমস্যা হয়নি—ইতিমধ্যে এটা পেতে সব ধরনের শর্ত পূরণ করা হয়েছে আশা করছি আগামী বছরের মধ্যে আমরা জিএসপি সুবিধা পাব জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার চাঁদপুরের কচুয়া উপজেলার হাসিমপুরে ড. মুহাম্মদ মনসুরউদ্দীন মহিলা কলেজের কৃতী ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জিএসপি সুবিধা যদি না পাই তবে রাজনৈতিক ষড়যন্ত্রই হবে এর একমাত্র কারণ –তবে এ সুবিধা বাতিল করলেও বাংলাদেশ ৭ বিলিয়ন ডলার রপ্তানি করে।
অর্থমন্ত্রী বলেন, আমেরিকায় বাংলাদেশের পণ্যের বাজার উন্মুক্ত রয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৬% এর বেশি। এ হারকে ৮%-১০% উন্নীত করতে হলে পুরুষের পাশাপাশি দেশের ৫০ ভাগ নারীদেরও কাজ করতে হবে।
দেশের ৫০% নারী। নারী পেছনে পড়ে থাকলে আমাদের ৫০% পুরুষ কিছুই করতে পারবে না। তাই বর্তমান সরকার নারীর শিক্ষা ও কর্মদক্ষতায় অত্যন্ত মননশীল বলে জানান মন্ত্রী।'
বর্তমান সরকারের আমলেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলেও এ সময় জানান তিনি।
আমাদের সীমিত সম্পদ চালিকা শক্তি—এখন বৈষম্যের হার হ্রাস পেয়েছে, দারিদ্র্য দূরীকরণের হার ২% উন্নীত হয়েছে—এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, এ দেশের এলিটরা যদি উদার হন তাহলে দেশকে আরো এগিয়ে নেয়া সম্ভব হবে। এক্ষেত্রে এলিটদের এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, 'আমাদের সৌভাগ্য, কৃষক-শ্রমিকদের দক্ষতা-পরিশ্রমে দেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। আমাদের রপ্তানি ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করতে হবে।
‘জিএসপির সব শর্তই পূরণ হয়েছে’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সরকারের উন্নয়নের ধারায় গ্রামগুলো এখন শহরে রূপান্তরিত হচ্ছে। আমাদের রপ্তানি আজকে দাঁড়িয়েছে ৩০.২ বিলিয়নে, রিজার্ভ ২২ বিলিয়নে। সবদিক থেকেই আমরা পাকিস্তানসহ বিভিন্ন দেশের তুলনায় এগিয়ে আছি।
জিএসপি সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, অনেক দেশেই জিএসপি সুবিধা পায় না। জিএসপি সুবিধার জন্য আমাদের যেসব শর্ত দেয়া হয়েছিল ইতোমধ্যে তার সবগুলোই পূরণ হয়েছে। তাই জিএসপি সুবিধা না পাওয়ার কোনো কারণ নেই। আশা করা হচ্ছে, আমরা শিগগিরই জিএসপি সুবিধা পাবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও রেলমন্ত্রী মজিবুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেন।