আসন্ন ঈদ উল আযহা ও দুর্গাপূজাকে সামনে রেখে দেশের সব পোশাক কারখানায় ২৮ সেপ্টেম্বরের মধ্যে বোনাস ও ২ অক্টোবরের মধ্যে চলতি মাসের বেতন পরিশোধের তাগিদ দিয়েছে শ্রম মন্ত্রণালয়।
রোববার সচিবালয়ে গার্মেন্ট মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সরকারের ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি’র সভায় সভায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
বৈঠত শেষে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ঈদ ও পূজা উপলক্ষে শ্রমিকরা যাতে সঠিক সময়ে বেতন-ভাতা পান, সে বিষয়ে বৈঠকে সবাই একমত হয়েছেন। ব্যাংকগুলোর প্রতি অনুরোধ করা হয়েছে তারা যেন মালিকদের এ বিষয়ে সহায়তা করে।
এছাড়া শ্রমিকদের বাড়ি ফেরার সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে সব কারখানা একদিনে ছুটি না দিয়ে দুই এক দিন আগে- পরে করে ঈদ-পূজার ছুটি ঠিক করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আগামী ৫ থেকে ৭ অক্টোবর ঈদের সরকারি ছুটি ও তার আগে ৪ অক্টোবর রয়েছে হিন্দু সম্প্রদায়ের বিজয়া দশমীর ছুটি।