বাংলাদেশের অনাগ্রহের কারণেই, বাংলাদেশ মালয়েশিয়ার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ান হাইকমিশনার নরলিন ওথম্যান। সোমবার জাতীয় প্রেসক্লাবে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিপাক্ষীক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন মালয়েশিয়ান হাইকমিশনার। বাংলাদেশে মালয়েশিয়ান বিনিয়োগ, পারস্পরিক ব্যবসা-বাণিজ্য, শ্রমিক রপ্তানি ও মালয়েশিয়ার সেকেণ্ড হোম প্রোগ্রাম নিয়ে কথা বলেন তিনি।
নরলিন ওথম্যান বলেন, মালয়েশিয়ার পক্ষ থেকে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দেয়া হলেও বাংলাদেশ তাতে সাড়া দেয়নি। মালয়েশিয়ায় বাংলাদেশি অবৈধ শ্রমিকদের বৈধ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতির জন্য বাংলাদেশই দায়ী— উল্লেখ করে তিনি বলেন, একে তো বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য কম তারপর বাংলাদেশি পণ্যকে সেখানে উচ্চ শুল্ক দিয়ে ঢুকতে হয়।
মালয়েশিয়ান হাইকমিশনার আরো বলেন, ভারত, পাকিস্তান, নেপাল, ভিয়েতমানসহ ১৬টি দেশ থেকে মালয়েশিয়া শ্রমিক আমদানি করে। অন্যান্য দেশ থেকে বিপুল সংখ্যক শ্রমিক নিলেও গেল দুই বছরে বাংলাদেশ থেকে মাত্র সাড়ে ৪ হাজার শ্রমিক কেন নেওয়া হলো? এমন প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশকেই দায়ী করেন।
তিনি বলেন, গত বছর ২৮৫ জনসহ এ পর্যন্ত প্রায় ৩ হাজার বাংলাদেশি মালয়েশিয়ার সেকেণ্ড হোম প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। তবে কেউ অর্থ পাচার করে সেখানে নিয়ে যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।