দুই দিন বন্ধ থাকার পর শনিবার থেকে আবার চালু হয়েছে ইউনাইটেড এয়ারওয়েজের সব ফ্লাইট—জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৮টায় সৈয়দপুরের উদ্দেশে অভ্যন্তরীণ একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।
ইউনাইটেডের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কাউন্টার বিমানবন্দরে খোলা রয়েছে, দুপুরে আন্তর্জাতিক একটি ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কলকাতা যাবে। রাতে জেদ্দাগামী একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে রয়েছে বলে জানান তিনি।
সোমবার ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীর পদত্যাগের পর এয়ারলাইন্সটিতে চরম অব্যবস্থাপনার সৃষ্টি হয়। এরপর মঙ্গলবার ও বুধবার ফ্লাইট শিডিউলে বিপর্যয় দেখা দেয়। একপর্যায়ে বৃহস্পতিবার থেকে ইউনাইটেডের সব ধরনের ফ্লাইট বন্ধ ঘোসণা করা হয়।
ফ্লাইট বন্ধের কারণে চারটি দেশে ইউনাইটেড এয়ারওয়েজের এক হাজারের বেশি যাত্রী আটকা পড়েন।
সূত্র জানায়, ইউনাইটেডের কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ৮৪ কোটি টাকা পাবে। এছাড়া জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও লিজ ভাড়া বাবদ ইউনাইটেড এয়ারওয়েজের আরো প্রায় ৫০ কোটি টাকা দেনা রয়েছে। অর্থ সংকটের কারণে জ্বালানি কিনতে না পারায় ফ্লাইট বন্ধ করে দিতে বাধ্য হয় এয়ারওয়েজটি।