কোরবানির পশুর চামড়ার মূল্য শুক্রবারের মধ্যে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত আয়োজিত সভা শেষে তিনি এ কথা বলেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, সংবাদ সম্মেলন করে ব্যবসায়ীদের পক্ষ থেকে চামড়ার মূল্য সম্পর্কে জানানো হবে। তবে সরকার চামড়ার মূল্য নির্ধারণ করে দেবে না বলেও জানান তিনি।
ব্যবসায়ীরা নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এটি ঠিক করবে মন্তব্য করে তোফায়েল আহমেদ বলেন, ক্রেতা ও বিক্রেতা উভয়পক্ষই যেনো উপযুক্ত মূল্য পায় সেদিকটি বিবেচনায় রেখে দাম নির্ধারণ করতে হবে।
এছাড়াও সীমান্ত এলাকা দিয়ে কোরবানির পশুর চামড়া যেন পাচার হতে না পারে তার জন্য ঈদ পরবর্তী ৩০ দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান বানিজ্যমন্ত্রী।