ক্রেতা কম, পণ্যও তুলনামূলকভাবে কম। তাই বাজারে নেই ক্রেতা-বিক্রেতার দরকষাকষির চিরচেনা দৃশ্য। কোরবানি ঈদের পর কয়েকদিন কেটে গেলেও এখনো জমে ওঠেনি রাজধানীর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার।
পুরোদমে সরবরাহ শুরু না হওয়ায় কাঁচা শাকসবজির দাম একটু বেড়েছে। মাছের বাজারে প্রচুর দেশীয় মাছ থাকলেও দাম কমেনি। তবে চাল, ডাল, তেলসহ অন্যান্য নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে।
ঈদ করতে বাড়ি যাওয়া লোকজনের অনেকেই এখনো না ফেরায় রাজধানীর নিত্যপণ্যের বাজারগুলোতে অনেকটাই মন্দাভাব। বেচাকেনা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম। তবে সরবরাহ কম থাকার অজুহাতে কাঁচা সবজির দাম ঈদের আগের তুলনায় একটু বেশি।
আগের তুলনায় বাজারে দেশীয় প্রজাতির মাছের সরবরাহও বাড়লেও দাম কমেনি। তবে নতুন করে মাছের দাম বাড়েনি বলে দাবি বিক্রেতাদের।
প্রজনন মৌসুমে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় বাজারে ইলিশ একবারেই নেই। আগামী সপ্তাহ থেকে এ মাছ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে বলে বিক্রেতারা জানিয়েছেন।
তবে চাল, ডাল, ডিমসহ অন্যান্য নিত্যপণ্যের দাম আগের মতোই আছে।