রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্যদিয়ে বন্ধ থাকা শ্রম বাজার খুলে যাবে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। ২৫ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর ৩ দিনের সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে শুক্রবার সেগুনবাগিচাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী ২৫ থেকে ২৭ অক্টোবর ও এরপর রাষ্ট্রপতি ২৮ থেকে ৩০ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত সফরে জনশক্তি রপ্তানি, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা ও বেশ কিছু চুক্তি হবে জানান পররাষ্ট্রমন্ত্রী।
মাহমুদ আলী বলেন, ‘চুক্তিতে যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে তা শেষ ও সই না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে চাই না। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন খাতে বিশেষ করে ‘এক্সপো ২০২০’ উপলক্ষ্যে আরো অধিক সংখ্যক প্রশিক্ষিত বা অর্ধ-প্রশিক্ষিত বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিরাতের নেত্রীবৃন্দের সঙ্গে আলাচনা করবেন। আমরা আশা করছি, এ দুইটি সফরের মধ্য দিয়ে আমাদের সম্পর্ক আরো সুদৃঢ় হবে।’
এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সরকার সম্পর্কে দেয়া বক্তব্যের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি (খালেদা জিয়া) একে বারেই দায়িত্ব জ্ঞানহীন কথা বলেছেন। তিনি বলেছেন, কেউ স্বীকৃতি দেয়নি। স্বীকৃতি যদি কেউ না দেয় তাহলে আমরা জয় লাভ করেছি কী করে।’
এছাড়াও থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী।
এদিকে, প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরের পরপরই ১০ম বিশ্ব ইসলামিক অর্থনৈতিক ফোরামে অংশ নিতে ২৮ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত যাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।