বাজারে ধীরে ধীরে শীতের সবজির সরবরাহ বাড়লেও, দাম এখনও বেশ চড়া। চালের দাম এক সপ্তাহে কেজি প্রতি বেড়েছে দুই থেকে তিন টাকা। মাছের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে।
এছাড়াও তেল, আদা-রসুনসহ কিছু নিত্য পণ্যের দাম নিম্নমুখী হলেও পেয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ৪-৫ টাকা। আর ব্রয়লার মুরগীর দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা।
হেমন্তের শুরু থেকেই বাজারে আসতে থাকে শীতের শাক-সবজি। ফুলকপি, বাধাকপি ও শালগমসহ নানা রকমের শাক-সবজির পসরা এখন কাঁচাবাজারে। তবে সরবরাহ ধীরে ধীরে বাড়লেও স্বস্তিতে নেই ভোক্তারা।
খুচরা বিক্রেতাদের দাবি, প্রচুর সরবরাহ থাকলেও, পাইকারি বাজার থেকেই শাক-সবজি বেশি দামে কিনতে হচ্ছে তাদের। তবে দুই-এক সপ্তাহের মধ্যে দাম কিছুটা কমে আসবে বলে তারা আশা করছেন।
গত দুই সপ্তাহ ধরে কিছুটা অস্থিতিশীল চালের বাজার। চলতি সপ্তাহেও প্রতি কেজিতে দাম বেড়েছে দুই থেকে তিন টাকা। কম সরবরাহ আর হরতালের প্রভাবে চালের দাম আরো বাড়ার আশংকা বিক্রেতাদের। আর চাহিদা বাড়ায় গত সপ্তাহের চেয়ে ব্রয়লার মুরগীর দাম বেড়েছে কেজি প্রতি ১০-১৫ টাকা।
এদিকে, মাছের বাজারে রূপালি ইলিশ, রুই, কৈ-পাবদাসহ বিভিন্ন মাছের পর্যাপ্ত সরবরাহের কারণে দামও কিছুটা কমেছে।
এছাড়াও রসুন, আদা তেল ও ডালের মত আমদানি নির্ভর পণ্যের দাম কমলেও পেয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা।