ঝিমিয়ে পড়েছে বাজার তদারকি ব্যবস্থা। প্রতিদিন সিটি করপোরেশনের পক্ষ থেকে নিত্যপণ্যের দাম তালিকাভুক্ত করে যাওয়ার কথা থাকলেও এখন আর তা করছে না। এ সুযোগে দোকানিরা যেমন মূল্যতালিকা টানাচ্ছেন না, তেমনি দাম রাখছেন ইচ্ছামত।
তবে সুখবর হচ্ছে, সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে শীতের শাক-সবজির দাম। মাছের দামে চলছে মিশ্রভাব।
সিটি করপোরেশনের এ মূল্য তালিকায়, পাইকারি বাজারে মূল্য যাচাই বাছাই করে প্রতিদিন এ তালিকা হালনাগাদ করার কথা। আর তা অনুসরণ করে দোকানিরা তাদের নিজ নিজ দোকানে একটি করে তালিকা টানিয়ে রাখবেন— এমনই নির্দেশ ছিল সরকারের পক্ষ থেকে।
তবে নির্দেশ থাকলেও, বাস্তবায়ন হচ্ছে কিনা, তা যেন দেখার কেউ নেই। সবশেষ এ তালিকা হালনাগাদ করা হয়েছিল গত জুলাই মাসে।
আর এ সুযোগ নিচ্ছেন দোকানিরাও। অনেক দোকানেই তালিকার কোনো বালাই নেই। আবার কোন কোন দোকানে থাকলেও তা দেখার কোনো উপায় নেই। কর্তৃপক্ষের এমন অবহেলায় ঠকছেন ক্রেতারা।
তবে সস্তি মিলছে শীতের শাক-সবজির বাজারে। সবজির সরবরাহ যেমন বেড়েছে, তেমনি দামও কমতে শুরু করেছে।
মাছের বাজারে দেশি মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও, দাম কমছে না। তবে হঠাৎ করেই সঙ্কটে পড়েছে ইলিশের সরবরাহ।
বিক্রেতারা জানালেন, পাইকারি বাজারেই এখন ইলিশ কম আসছে।