বাজারে শীতের শাক-সবজির সরবরাহ ধীরে ধীরে বাড়লেও দাম এখনও বেশ চড়া। চালের দাম গত সপ্তাহের মতোই কেজি প্রতি দুই থেকে তিন টাকা বাড়তি রয়েছে। পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমেনি মাছের।
এছাড়াও তেল, আদা-রসুনসহ বেশ কিছু নিত্য পণ্যের দাম নিম্নমুখী হলেও পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা। আর ব্রয়লার মুরগীর দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা।
হেমন্তের শুরুতেই রাজধানীর বাজারগুলোতে এসে গেছে শীতকালীন শাক-সবজি। তবে ফুলকপি, বাধাকপি ও শালগমসহ নানা রকমের শাক-সবজির সরবরাহ বাড়লেও স্বস্তিতে নেই ভোক্তারা।
খুচরা বিক্রেতাদের দাবি, প্রচুর সরবরাহ থাকলেও পাইকারি বাজার থেকেই শাক-সবজি বেশি দামে কিনতে হচ্ছে তাদের। তবে দুই-এক সপ্তাহের মধ্যে দাম কিছুটা কমার কথা জানালেন তারা।
এদিকে, গত দুই সপ্তাহ ধরে চালের দাম ওঠা নামা করছে। নতুন চাল বাজারে ওঠলেই কেবল এ অবস্থার পরিবর্তন হবে বলে জানান বিক্রতারা।
মাছ-মাংসের ক্ষেত্রেও বাড়তি দাম গুণতে হচ্ছে ক্রেতাদের। বাজার তদারকি বাড়ানোর পরামর্শ তাদের।