যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশকে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা -জিএসপি না দিলে টিকফা চুক্তি অর্থহীন হয়ে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার রাজধানীর একটি হোটেলে ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এর পাশাপাশি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশের জিএসপি সুবিধা পাওয়ার কথা। এর পাশাপাশি টিকফা চুক্তিতেও একই অঙ্গীকার করা হয়েছে। এসব সত্ত্বেও যুক্তরাষ্ট্র বাংলাদেশি তৈরি পোশাকে প্রায় ১৬% শুল্ক আরোপ করে থাকে।
বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির চিত্র তুলে ধরে যুক্তরাষ্ট্রকে এদেশে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানান। আর সেইসঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য যুক্তরাষ্ট্রে ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়ার অনুরোধ জানান মন্ত্রী।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা পুনর্বহালের দাবি জানান।
এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা, বিনিয়োগ আকৃষ্ট করতে সুশাসন, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতি কমানোর তাগিদ দেন।
বেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অনুকূল পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান মজীনা।
বাংলাদেশের তৈরি পোশাক খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং শ্রম অধিকার রক্ষায় আন্তর্জাতিক মান বজায় রাখার ব্যাপারে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রপ্তানি প্রায় ৮০০ মিলিয়ন ডলার। এ রপ্তানির পরিমাণ আরও বাড়াতে এমচ্যাম ঢাকায় আয়োজন করেছে এ ট্রেড শোর।
বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে মূলত ঊচ্চ প্রযুক্তি, প্রসাধনী, পানীয় এবং হার্ডওয়্যার আমদানি করে থাকে। আর এসব পণ্য নিয়ে দেশটির প্রায় ১৫০টি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করছে।