আগামী জুলাই থেকে কার্যকর হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত পে-কমিশনের সুপারিশ আর ১৫ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের পরই বেতন কমিশন কার্যকর হবে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মন্ত্রী বলেন, তাদের জন্য নতুন বেতন কাঠামো ২০১৫ সালের জুলাই মাস থেকে কার্যকর হবে।
বুধবার সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি।
এ সময় মন্ত্রী অন্যান্য প্রসঙ্গ নিয়েও কথা বলেন।
খেলাপি ঋণের পরিমাণ দিন দিন বাড়ার জন্য দেশের রাজনৈতিক সংস্কৃতিকে দায়ী করেন তিনি।
এডিবি এর আগে বাংলাদেশে বছরে এক বিলিয়ন ডলারেরও কম অর্থ সহায়তা দিতো। তবে বর্তমানে অর্থনৈতিক অবস্থার উন্নতির পরিপ্রেক্ষিতে এডিবির কাছে দেড় থেকে ২ লাখ বিলিয়ন অর্থ ঋণ চেয়েছে বাংলাদেশ বলে জানান তিনি।
অর্থমন্ত্রীর সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাংয় সাক্ষাৎ করতে আসলে এ সহায়তা চাওয়া হয় বলে জানান তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রসঙ্গে আলাপ করেন অর্থমন্ত্রী। আবারও উঠে আসে পে-কমিশনের সুপারিশ বাস্তবায়ন প্রসঙ্গ। আগামী জুলাই থেকে তা কার্যকর হওয়ার কথা জানান তিনি।
সার্ক সদস্য দেশগুলোর মধ্যকার সড়ক ও রেল যোগাযোগ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে অর্থমন্ত্রী তার জবাবে বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার করিডোরের হালনাগাদ সম্পর্কে জানান।
আগামী ২ বছরের মধ্যে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজ শেষ হবে বলেও জানান তিনি।