শ্রীলঙ্কায় চাল রপ্তানি করতে যাচ্ছে বাংলাদেশ—আর আন্তজার্তিক দর মাথায় রেখে দেশটি প্রথমবারের মতো ২৫ হাজার মেট্রিক টন চাল নেয়ার কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
বুধবার বিকেলে সচিবালয়ে দুদেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
এ সময় দেশের সংকটকালীন চাহিদা পূরণ করেও বিদেশে এক লাখ মেট্রিক টন চাল রপ্তানি করার মতো মজুদ রয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী জানান, আপদকালীন সংকট মোকাবেলা করেও এক লাখ টন পর্যন্ত চাল বিদেশে রপ্তানি করা যাবে।
প্রথম দফায় শ্রীলঙ্কায় ২৫ হাজার মেট্রিকটন চাল রপ্তানি করা হবে। যা আন্তর্জাতিক বাজার অনুযায়ী টন প্রতি সাড়ে ৪০০ ডলার মূল্য বলেও জানান খাদ্যমন্ত্রী।
সুগন্ধি চাল, ডাল, আলুসহ বেশ কিছু কৃষিপণ্য বিদেশে রপ্তানি করলেও বড় আকারে এবারই প্রথম চাল রপ্তানি করতে যাচ্ছে বাংলাদেশ। বিগত বছরগুলোতে ধান উৎপাদন ভাল হওয়ায় গত বছর শ্রীলঙ্কার দেয়া প্রস্তাবে রাজি হয় সরকার। প্রাথমকিভাবে ৫০ হাজার মেট্রিক টন চাল বিক্রির প্রস্তাবে গত ১৮ সেপ্টেম্বর অনুমোদন দেয় সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তারই ধারাবাহিকতায় বুধবার সচিবালয়ে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছে দুদেশ।