রাজধানীর বিভিন্ন রাস্তার ওপর জমে উঠেছে কাঁচা বাজার। শাক-সবজি, তাজা মাছসহ নিত্য প্রয়োজনীয় প্রায় পণ্যই পাওয়া যাচ্ছে এসব অস্থায়ী বাজারে। দাম তুলনামুলক সাশ্রয়ী হওয়ায় এখানে ক্রেতা সমাগমও বেশি।
স্থায়ী বাজারগুলো নিষ্প্রভ হয়ে পড়ছে অভিযোগ তুলে এসব অবৈধ বাজার তুলে দিতে প্রসাশনের কাছে অনুরোধ জানিয়েছেন স্থায়ী বাজারের দোকানীরা।
ভোরের আলো ফোটার আগে, ঘন কুয়াশার মধ্যেই ক্রেতা-বিক্রেতায় সরগরম শান্তিনগরে রাস্তার ওপরের এই অস্থায়ী বাজার।
তাজা মাছ থেকে শুরু করে টাটকা শাকসবজিসহ নিত্য প্রয়োজনীয় সব পণ্যই পাওয়া যাচ্ছে। সকালের জগিং সেরে ফেরার পথে অনেকেই ছুটির দিনের বাজার সেরে নেন এখান থেকে। রাস্তার ওপরে মাত্র কয়েক ঘণ্টার এ বাজারের কোনো অনুমোদন নেই।
রাজধানীর বিভিন্ন স্থানে এধরনের বাজার, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় বিস্তার লাভ করছে বলে অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগ স্বীকার করনেনি বিক্রেতারা।
এসব অস্থায়ী বাজারের কারণে স্থায়ী বাজারে ক্রেতা সমাগমের পাশাপাশি বেচাকেনাও কমছে বলে মনে করছেন দোকানীরা।
এসব অবৈধ বাজার তুলে দিতে প্রসাশনের কাছে অনুরোধ তাদের।