অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার কারণে সেখানকার শ্রমবাজার নষ্ট হওয়ার আশঙ্কা করছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বায়রা আন্তরিক হলে অসাধু রিক্রুটিং এজেন্সিগুলোকে চিহ্নিত করা সম্ভব বলেও মনে করেন তিনি। বৃহস্পতিবার আর্ন্তজাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
অবৈধভাবে বিদেশে কাজ করতে যাওয়ার কারণে বৈধ অভিবাসীদের নানা জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, এসব অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
একই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, মানব পাচার রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকার কাজ করছে। তিনি বিদেশে কাজ করতে যেতে আগ্রহীদের সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে মন্ত্রী অভিবাসী শ্রমিকদের সন্তানদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেয়া হয়।