সর্বোচ্চ ৮০ হাজার ও সর্বনিম্ন ৮ হাজার ২০০ টাকা মূল বেতন নির্ধারণ করে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের নতুন বেতন কাঠামো সুপারিশ করেছে জাতীয় বেতন ও চাকরি কমিশন। রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এ প্রতিবেদন জমা দেন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
পরে ব্রিফিংয়ে ফরাসউদ্দিন সাংবাদিকদের বলেন, আগের ২০ গ্রেডের বেতন কাঠামোর বদলে প্রস্তাবিত নতুন বেতন কাঠামোতে ১৬টি গ্রেডে বেতন বিন্যাসের প্রস্তাবও করেছে কমিশন। আগের সরকারি বেতন স্কেলগুলো ৪ বছরের জন্য করা হলেও নতুন এ স্কেল হবে ৬ বছরের জন্য।
তিনি বলেন, ‘সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বিলুপ্ত ঘটিয়েমূলক পদোন্নতির মাধ্যমে পরবর্তি উচ্চতর ধাপে ওঠার ব্যবস্থার সুপারিশ করা হয়েছে। প্রথম গ্রেড বা স্কেলে সর্বোচ্চ বেতন ধরা হয়েছে ৮০ হাজার টাকা, যা বর্তমান বেতনের শতকরা ১০০ ভাগ বেশী। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ধার্য করা হয়েছে ১.৯০৭৬ যাহা কয়েকটি কমিশন একইভাবে রেখেছে।’
নতুন বেতন কাঠামো কার্যকর করা হলে সরকারের ব্যয় ৬৩% বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
কমিশনের এ সুপারিশ বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি হবে না— এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রিপোর্টটি পেয়েছি, এটি পর্যবেক্ষণ করা হবে। আগামী বছরের ১ জুলাই থেকে এটি কার্যকর করা হবে। আগামী দিনের অর্থনীতি হবে আলাদা ধরনের অর্থনীতি। সেই অর্থনীতির জন্য একটি সেটিসফাইড (সন্তুষ্ট) প্রশাসন দরকার। আমরা সেভাবেই এগুচ্ছি।’
এর জন্য প্রয়োজনীয় অর্থ সরকারের আছে বলেও জানান মন্ত্রী।