অবরোধে পণ্য সরবরাহ ব্যবস্থা ঠিকমত না চলায় ক্ষতির সম্মুখীন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। বেশি ভাড়া দিয়ে রাজধানীতে পণ্য নিয়ে আসলেও ঢাকার বাইরের পাইকার না আসায় তা বিক্রি করতে পারছেন না। এতে ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কায় করছেন তারা।
স্বাভাবিক সময়ে প্রতি রাতে গড়ে প্রায় এক হাজারের মতো পণ্যবাহী ট্রাক রাজধানীর কারওয়ান বাজারে পৌঁছায়। তবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অনির্দিষ্টকালের অবরোধে গত কয়েকদিনে এ সংখ্যা নেমে এসেছে ৬ থেকে সাড়ে ছয়শোতে।
সরবরাহ কমলেও, আরতগুলোতে নষ্ট হচ্ছে বিভিন্ন মৌসুমি পণ্য। আরতদাররা বলছেন, মোট আমদানির ২৫% মতো ব্যবহার হয় ঢাকায়। বাকি ৭৫% সরবরাহ হয় দেশের অন্যান্য জায়গায়। উৎপাদনকারী জেলাগুলো থেকে বিভিন্ন বাধা পেরিয়ে রাজধানীতে আসলেও অবরোধের কারণে অন্যান্য জেলাগুলোতে ঠিকমতো যেতে পারছে না এসব পণ্য।
শীতকালীন সবজির ফলন ভালো হলেও অবরোধে দিশেহারা কৃষকরা। ময়মনসিংহ থেকে ক্ষেতের সবজি বিক্রি করতে কারওয়ান বাজারে নিয়ে গিয়েও হতাশ বেশিরভাগ কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
এদিকে, অবরোধের কারণে বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম। পরিবহণ মালিকরা ট্রাকের ভাড়া দ্বিগুণ করে দেয়ায় বাড়তি দাম রাখা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
রাজনৈতিক অস্থিরতা না কমলে ফলন ভালে হওয়া সত্ত্বেও লোকসানে পড়ার আশঙ্কায় সংশ্লিষ্টরা।