হরতাল এবং অবরোধ থেকে মুক্তি পেতে প্রয়োজনে আইনের আশ্রয় নেয়ার কথা ভাবছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
শনিবার এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।
অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে রাজনীতি করতে দেয়া হবে না— এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরণের কর্মসূচির ফলে পরিবহন, উৎপাদন এবং পর্যটন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
দেশের অর্থনীতির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে নেতিবাচক কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানান কাজী আকরাম উদ্দিন আহমদ।
অবরোধের কারণে পরিবহন, উৎপাদন এবং পর্যটন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করে তিনি আরো বলেন, কাঙ্খিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে সংকট নিরসনের পথ বের করা জরুরি।
এ সময় চলমান রাজনৈতিক পরিস্থির উন্নতি না হলে উৎপাদন ও আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হবে এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন ব্যবসায়ীরা।
উল্লেখ্য, ২০১৩ সালে ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতায় দেশের অর্থনীতিতে যে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছিল তা কাটিয়ে উঠতে না উঠতেই ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতা দেশের অর্থনীতিকে আবারো বিপন্ন করে তুলছে।
২০ দলের টানা অবরোধে গত কয়েকদিনে ৯ ব্যক্তির প্রাণহানি, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, বোমা হামলাসহ আইন-শৃঙ্খলার অবনতি ঘটায় উদ্বিগ্ন ব্যবসায়ী সমাজ।