দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি টানা হরতাল-অবরোধে স্থবির হয়ে পড়ছে এবং ভেঙে পড়ছে পণ্য পরিবহন, উৎপাদন ও রপ্তানি ব্যবস্থা।
প্রতিদিন শুধু তৈরি পোশাকেরই প্রায় ৭০০ কোটি টাকার রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। উৎপাদন কমে গেছে প্রায় সোয়া ২০০ কোটি টাকার। পরিবহন খাতে দিনে ক্ষতি হচ্ছে ২০০ কোটি টাকা।
এ অবস্থা দীর্ঘ স্থায়ী হলে, ব্যবসা-বাণিজ্যে বিপর্যয়ের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিনিয়োগ, প্রবৃদ্ধি ও কর্মসংস্থানসহ সামগ্রিক অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তাদের।
এদিকে, স্বাভাবিক সময়ে দেশের রাস্তায় প্রতিদিন গড়ে ২ লাখ বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করে আর এর সঙ্গে জড়িত প্রায় ২০ লাখ লোকের কর্মসংস্থান।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর হিসেবে প্রতিদিন শুধু পরিবহন খাতেই ক্ষতি হচ্ছে ২০০ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাত।
বিজিএমইএ বলছে, এখাতে দিনে উৎপাদন কমেছে ২১৫ কোটি টাকার। রপ্তানি ব্যহত হচ্ছে ৬৯৪ কোটি টাকার।
ভাবমূর্তির সঙ্গে বিদেশি ক্রেতা হারানো শঙ্কা যেমন ব্যবসায়ীদের মাথাচাড়া দিয়ে উঠছে, তেমনি আশঙ্কা করছেন ঋণ খেলাপী হয়ে পড়ার।
অর্থনীতি বিশ্লেষকদের মতে, এ অবস্থা চলতে থাকলে, বিনিয়োগ, কর্মসংস্থান, আমদানি-রপ্তানি এবং সরকারের রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব পড়বে।
সব মিলিয়ে রাজনৈতিক অস্থিরতার কারণে, দেশের ব্যবসা-বাণিজ্য এবং অর্থনীতে বিপর্যয়ের আশঙ্কা ব্যবসায়ী এবং বিশ্লেষকদের।