চলমান রাজনৈতিক সংকট নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশি তৈরি পোশাকের বিদেশি ক্রেতারা— পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইকে ফোন করে ১১টি বড় ক্রেতা প্রতিষ্ঠান তাদের উদ্বেগের কথা জানিয়েছে।
মঙ্গলবার সকালে রাজাধানীতে বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউট-পিআরআই আয়োজিত এক সেমিনারে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম এ তথ্য জানান।
রাজনৈতিক সংকটের পাশাপাশি অবকাঠামোগত দুর্বলতা, গ্যাস ও বিদ্যুতের অপ্রতুলতা এবং সরকারের বর্তমান নীতিমালা দেশের বাণিজ্য এবং বিনিয়োগ প্রসারে অন্তরায় বলে মত দিয়েছেন ব্যবসায়ী এবং বিশ্লেষকরা।
পিআরআই আয়োজিত এ সেমিনার ছিল দেশে প্রচলিত বাণিজ্য নীতিমালা নিয়ে। এসব ছাপিয়ে ব্যবসায়ীদের কণ্ঠে প্রাধান্য পায় দেশের চলমান রাজনৈতিক সংকট।
বিজিএমইএ সভাপতি বলেন, বর্তমান পরিস্থিতিতে ক্রেতারা বাংলাদেশে আসতে সাহস করছেন না, পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তারা আর এ অবস্থা চলতে থাকলে লক্ষ্য অর্জন দুরের ব্যাপার বর্তমান অবস্থা ধরে রাখাও সম্ভব হবে না।
সেমিনারে অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী বলেন, বর্তমান নীতিমালা বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব নয় এর সঙ্গে অবকাঠামোগত দুর্বলতা এবং রাজনৈতিক অস্থিরতা মিলে বিনিয়োগকে স্থবির করে রেখেছে ।
এসব কারণে বাংলাদেশ বিশ্ব ব্যবসা-বাণিজ্য সূচকে প্রতিযোগী দেশগুলোর তুলানয় পিছিয়ে পড়ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা।
রাজনৈতিক অস্থিরতা দূর করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নীতিমালার আধুনিকায়ন করতে পারলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বলে মনে করেন আলোচকরা।