প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেতা জিয়া বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ)।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে বুধবার কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে আয়োজিত সমাবেশে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বরাবর স্মারকলিপি দেয়ার কথা জানান।
সহিংস রাজনীতির অবসান প্রয়োজন— উল্লেখ করে আতিকুল ইসলাম হরতাল-অবরোধের মতো ধ্বংসাত্বক কর্মসুচি আইন করে বন্ধের দাবি জানান।
আতিকুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক সহিংসতার কারণে পোশাক শিল্পের সাপ্লাইচেইন ভেঙে পরার উপক্রম হয়েছে। রাজনীতিবিদদের কাছে আমরা ব্যবসায়ীরা অসহায়। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।’
রাজনৈতিক সহিংসতায় মানুষ পুড়ছে পেট্রোলবোমায় স্থবির হয়ে পড়েছে অর্থনীতি-ব্যবসা, পেটে টান পড়েছে খেটে খাওয়া শ্রমিকের বলেও জানান তিনি।
এ অবস্থায় রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই সমাধানের দাবি করে দ্রুত সংলাপের আয়োজন করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
এ সময় চলমান সঙ্কট অব্যাহত থাকলে লাখ লাখ পোশাক শ্রমিক বেকার হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন বিজিএমইএ-এর নেতারা। সহিংস রাজনীতির কবলে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির ক্ষতির দায় দায়িত্ব রাজনীতিবিদেরকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।