বর্তমানে যা হচ্ছে তা রাজনৈতিক কর্মসূচি না—এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড, এ অবস্থা থেকে দেশ দ্রুত বের হয়ে আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সচিবালয়ে কনফেডারেশন অব এশিয়া-প্যাসিফিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাসট্রি-কাসি'র সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
যে পরিস্থিতি দেশে চলছে তা দ্রুত সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে বলে কাসির প্রতিনিধিদেরকে আশ্বস্ত অর্থমন্ত্রী বাংলাদেশে ব্যবসা- বাণিজ্য ও বিনিয়োগ আহ্বান জানান।
এর আগে রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের সবচেয়ে বড় অন্তরায় বলে জানান কনফেডারেশন অব এশিয়া-প্যাসিফিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাসট্রি-কাসি'র সভাপতি জেমাল ইনাইশভিশি।
সকালে রাজধানীতে কাসি ও এফবিসিসিআইয়ের মধ্যে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় কাসির সভাপতি বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করলেও— উদ্বেগ প্রকাশ করেন রাজনৈতিক সংকট নিয়ে।
তিনি আরো বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা অবশ্যই ব্যবসা বাণিজ্যের জন্য অনেক বড় বাধা। বিষয়টি নিয়ে এদেশের ব্যবসায়ীরাও অনেক বেশি উদ্বিগ্ন। আশা করি খুব দ্রুত সময়ে বিষয়টি সমাধান হবে।’
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ক্যাসির সদস্যদের এ দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে গহওর রিজভী বলেন, এ সংকট খুব দ্রুতই কেটে যাবে।
তিনি আরো বলেন, ‘বর্তমান রাজনৈতিক সহিংসতা নিয়ে আমরাও উদ্বিগ্ন। আমি আপনাদের নিশ্চয়তা দিয়ে বলতে পারি জনসমর্থন ছাড়া যারা সমাজ ও অর্থনীতির ক্ষতি করছে তারা বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।’
এশিয়া-প্যাসিফিকের ২০টি দেশের ব্যবসায়ীদের সংগঠন-কাসিরের কোনো প্রেসিডেন্টের এ প্রথম বাংলাদেশ সফর।
তাদের সঙ্গে আলোচনায় বাংলাদেশের ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই আর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ কাসির সদস্যদের এ দেশে বিনিয়োগে দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য আরও সহজ করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশে আপনাদেরকে এখানে বিনিয়োগের জন্য একটি বিশেষ বাণিজ্য সুবিধি দিবে। এফবিসিসিআইও আনুসাঙ্গিক সহায়তা দিবে। আপনারা এখানে বিনিয়োগ করলে উভয়ই লাভবান হবে।’