চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বিগ্ন বিদেশি কূটনীতিকরা, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের তাগিদ দিলেন তারা। একইসঙ্গে বিরোধীদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনেরও সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন কূটনীতিকরা।
বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গে এক বৈঠকে তারা এ কথা বলেন।
কূটনীতিকদের সামনে চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, গত ৪৪ দিনের অবরোধ আর দফায় দফায় হরতালে ব্যবসায়ীদের প্রায় এক লাখ ২০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
এ সময় সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কূটনীতিকরা। শান্তিপূর্ণ উপায়ে সংকট নিরসনের আহবান তাদের। সেইসঙ্গে একটি গণতান্ত্রিক দেশে বিরোধীদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ দেওয়ারও আহ্বান জানান।
তবে রাজনৈতিক সংকটের নিরসন বাংলাদেশের মানুষই করবে বলে আবারও উল্লেখ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট।
তিনি বলেন, খুব শিগগিরই এ অবস্থা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে।
দেশের ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক অগ্রগতি নিয়ে এফবিসিসিআই আয়োজিত এ বৈঠকে ২৮টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরা অংশ নেন।