বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ-হরতালে নতুন রপ্তানি-ঋণ শ্রেণীবিন্যাস না করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন রপ্তানিকারকরা।
সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এসব দাবি জানান তারা।
এর পাশাপাশি ব্যাংকঋণের সুদ মওকুফ, ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর দাবিও জানিয়েছেন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ-এর নেতারা।
এর পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী অবরোধ-হরতালে অর্থনৈতিক ক্ষতির চাপ সামাল দেয়া কষ্টসাধ্য হচ্ছে মন্তব্য করে তাদের দাবি বিবেচনার আশ্বাস দেন।
২০ দলের চলমান অবরোধ আর দফায় দফায় হরতালে সার্বিক অর্থনৈতিক ক্ষতিতে নিজেদের উদ্বেগের কথা জানাতে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ-এর নেতারা।
টানা দুমাসেরও বেশি সময় ধরে চলা অবরোধ-হরতালে ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তুলে ধরে বেশকিছু দাবি জানান তারা।
তৈরি পোশাক শিল্পের পাশাপাশি অন্যান্য খাতকেও গুরুত্ব দেয়ার দাবি ওঠে।
জবাবে তাদের দাবি বিবেচনার আশ্বাস দেন অর্থমন্ত্রী। আর চলমান অবরোধ-হরতালে সর্বস্তরে ভীতি বিরাজ করছে উল্লেখ করে এর একটা শেষ দরকার বলে মনে করেন তিনি। তবে সমাধানের উপায় তার জানা নেই বলেও জানান।
দেশের নাগরিক হিসেবে অবরোধ-হরতালে বিএনপিরও ক্ষতি হচ্ছে উল্লেখ করে তা বিবেচনা করতে দলটির প্রতি আহ্বান জানান মন্ত্রী।
তাছাড়া দলটি সংসদে না থাকায় তাদের সঙ্গে সংলাপ করে সংকট সমাধান দুরূহ বলেও মন্তব্য করেন মুহিত।