তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ, শ্রম নিরাপত্তা ও শ্রমিক অধিকার রক্ষায় বাংলাদেশ অনেক উন্নতি করেছে— তবে আন্তর্জাতিক মানে পৌঁছাতে হলে আরো অনেক পথ পাড়ি দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
বৃহস্পতিবার বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ) নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বার্নিকাট বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তিতে, ৫০ বিলিয়ন ডলার তৈরি পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্র সহযোগিতা দিয়ে যাবে।
সাভারের রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনস কারখানার অগ্নিকাণ্ডের প্রতি ইঙ্গিত করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, সংকট থেকে কীভাবে উত্তরণ করা যায় তার প্রমাণ দিয়েছেন বাংলাদেশের উদ্যোক্তারা।
এর আগে বৈঠকে তাজরীন ফ্যাসনসের অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের পর শ্রম নিরাপত্বায় সরকার এবং বিজিএমইএয়ের উদ্যোগের অগ্রগতি ও শ্রমিকদের জীবনমান উন্নয়নের একটি চিত্রও উপস্থাপন করা হয়। এ সব উদ্যোগের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেন বার্নিকাট।
এদিকে, বিশ্ব বাজারে তৈরি পোশাকের মোট চাহিদার ৫% সরবরাহ করে বাংলাদেশ। তবে এ রপ্তানি আয় ৫০ বিলিয়নে নিতে হলে মোট চাহিদার ৮% বাংলাদেশের দখলে আনতে হবে।