আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও মানুষ হত্যা বন্ধ করতে বিএনপি-জামাত জোটের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
সোমবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে অর্থনীতিতে রাজনৈতিক অস্থিরতার প্রভাব শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, ৭০ দিনের অবরোধ আর হরতালে জাতীয় বাজেটের অর্ধেকের বেশি অর্থের ক্ষতি হয়েছে।
সেইসঙ্গে সরকারকে দেশে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে এ ব্যবসায়ী নেতা বলেন, মানুষের জানমালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের।
কাজী আকরাম উদ্দিন বলেন, জালাও-পোড়াও আন্দোলনে সরকারের কোনো ক্ষতি হয়নি বরং দেশের অর্থনীতি ভেঙে পড়ছে যা সকলের জন্য ক্ষতিকর।
চলমান সহিংসতার কারণে দেশের পর্যটন খাতও স্থবির হয়ে পড়েছে বলে উল্লেখ করে টিডাবের চেয়ারম্যান মো. জামিউল আহমেদ বলেন, লাগাতার অবরোধের কারণে হোটেল, মোটেল, রিসোর্ট ও রেঁস্তোরা প্রায় এক প্রকার বন্ধ হয়ে আছে।
জালাও পোড়াও বন্ধ করে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় আসার দাবি করে রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামছুল আলমগীর বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতার অবসান না হলে দেশের উন্নয়ন ব্যাহত হবে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের টানা ৭০ দিনের অবরোধের পাশাপাশি চলছে দফায় দফায় হরতাল। আর এই আন্দোলনের নামে জালাও-পোড়াও, বোমা মেরে মানুষ হত্যাসহ সারাদেশে চলছে নানা সহিংসতা। এতে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।