চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ৬%। বুধবার দুপুরে রাজধানীতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য দেন পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল।
তিনি বলেন, বছর শেষে প্রবৃদ্ধির পরিমান ৭% এর কাছাকাছি হবে।
একইসঙ্গে বিশ্বব্যাংক ও ব্যবসায়ীরা হরতালে অর্থনীতির ক্ষতির যে হিসাব দিয়েছেন, তার সঙ্গে একমত নন পরিকল্পনা মন্ত্রী। প্রকৃত ক্ষতির পরিমান অনেক কম বলে জানান তিনি।
পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রথম ৯ মাসে শিল্পের উৎপাদন বেড়েছে প্রায় সাড়ে ৯%। রাজস্ব আহরণে প্রবৃদ্ধি হয়েছে ১৬% ওপরে। এর পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ উৎপাদন, কৃষি ও সেবা খাতের প্রবৃদ্ধিও আগের চেয়ে বেশি।
সব মিলিয়ে চলতি বছরে, আগের বছরের চেয়ে প্রবৃদ্ধি বেশি হবে বলেই জানালেন তিনি। হরতাল-অবরোধের বিভিন্ন সংস্থা যে আর্থিক ক্ষতি দেখিয়েছে, তার সঙ্গে একমত নন পরিকল্পনা মন্ত্রী।
বিশ্বব্যাংকের হিসেবে, এ সময় আর্থিক ক্ষতি ১৭ হাজার ১৫০ কোটি টাকা, এফবিসিসিআইয়ের হিসেবে এক লাখ ২০ হাজার কোটি টাকা। স্বয়ং প্রধানমন্ত্রী জাতীয় সংসদে হরতাল-অবরোধে ১ লাখ কোটির টাকার উপরে আর্থিক ক্ষতির হিসেব দিয়ে ছিলেন। তবে পরিকল্পনা মন্ত্রীর হিসেবে, এ ক্ষতির পরিমাণ অনেক কম।
আগামী অর্থবছরে, বার্ষিক উন্নয়ন কর্মসুচি এডিপির পরিমান প্রায় এক লাখ কোটি টাকা হবে বলে উল্লেখ করেন পরিকল্পনামন্ত্রী।