বাগেরহাটের রামপালে ৫৪৪ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে খান জাহান আলী বিমানবন্দরসহ ১ হাজার ৯১০ কোটি ২৮ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।
সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, বিমানবন্দরটি স্থাপিত হলে সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও খান জাহান আলীর মাজারকে কেন্দ্র করে পর্যটন শিল্প প্রসারিত হবে।
এছাড়া একনেকে ১৫৮ কোটি টাকা ব্যয়ে ফেনীর মহিপালে ৬ লেনের ফ্লাইওভার প্রকল্পেরও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে জানান মন্ত্রী।
তিনি বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নে সরকার ১ হাজার ৭৯৫ কোটি ৮২ লাখ টাকা ও সংস্থার নিজস্ব তহবিল থেকে ১১৪ কোটি ৪৬ লাখ যোগান দেয়া হবে।