আন্দোলনের নামে বিশ দলীয় জোটের টানা হরতাল-অবরোধের পরও রাজস্ব আদায়ে সফল হয়েছে বেনাপোল স্থল-বন্দর কর্তৃপক্ষ।
চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ কোটি টাকা বেশি আদায় করা সম্ভব হয়েছে। হরতাল-অবরোধের মধ্যেও বন্দর সচল রাখার কারণেই এ সফলতা অর্জিত হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ।
এদিকে, সাফল্যের এ ধারাবাহিকতা ধরে রাখতে এবং ক্ষতি পুষিয়ে উঠতে আসন্ন রমজানে অফিস সময় বাড়ানোর পাশাপাশি বন্দরের অবকাঠামোগত উন্নয়নের দাবি ব্যবসায়ীদের।
ভারতের সঙ্গে আমদানি-রপ্তানির সিংহভাগই যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে হয়। প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক যাতায়াত করে এ বন্দর দিয়ে।
কোনো কারণে বন্দর বন্ধ থাকলে তাই ক্ষতির সম্মুখীন হয় আমাদিন-রপ্তানি নির্ভর শিল্প-কারখানা, নেতিবাচক প্রভাব পড়ে বন্দরের রাজস্ব আদায়েও।
এ বছরের জানুয়ারি থেকে চলা বিশ দলীয় জোটের টানা হরতাল-অবরোধে রাজস্ব আদায়ে প্রায় ৬০ কোটি টাকা পিছিয়ে ছিল। তবে বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের আন্তরিক কর্মকাণ্ডে এরইমধ্যে এ ঘাটতি কাটিয়ে চলতি অর্থবছর বন্দরটি রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
আড়াই হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা থাকলেও এ পর্যন্ত ৩০ কোটি টাকা বেশি আদায় করা সম্ভব হয়েছে বলে জানান বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।
তবে, ক্ষতি পুষিয়ে উঠতে রমজানে অফিস সময় বাড়ানো ও বন্দরের অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান ব্যবসায়ীরা— জানিয়েছেন বেনাপোল কাস্টমসের কমিশনার এএফএম আবদুল্লাহ খান।