প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো ছিটমহলবাসীর কল্যাণ ও উন্নয়ন কার্যক্রম জোরদার করতে ২০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে দেয়া ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ প্রস্তাব উত্থাপন করেন তিনি।
বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের পরিধি ছিটমহল পর্যন্ত প্রসারিত হবে। যাতে ছিটমহলবাসীরা উন্নয়নের মূলধারায় আসবে।
তিনি বলেন, ১৯৭৪ সালে সম্পাদিত ইন্দিরা-মুজিব চুক্তির ধারাবাহিকতায় ভারতীয় সংসদে স্থল সীমান্ত চুক্তি বিল অনুমোদিত হওয়ায় ছিটমহলবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধান হতে যাচ্ছে। তারা সম্পৃক্ত হতে যাচ্ছেন বাংলাদেশের মূলধারায়।
এর ফলে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের পরিধি ছিটমহল পর্যন্ত সম্প্রসারিত হবে বলেও জানান আবুল মাল আব্দুল মুহিত।
এছাড়াও বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে নানা পদক্ষেপও নেয়া হয়েছে বলে জানান মুহিত।