প্রস্তাবিত বাজেটে রপ্তানি মূল্যের ওপর আয়করের হার অপরিবর্তিত রাখার দাবি জানিয়ে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন-বিজিএমইএয়ের সভাপতি আতিকুল ইসলাম বলেন, ২০১৫-১৬ সালের বাজেট ‘বস্ত্রখাতবান্ধব হয়নি।
শুক্রবার দুপুরে রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বর্তমান পরিস্থিতিতে এ বাজেট বস্ত্র শিল্পবান্ধব নয়— তৈরি পোশাক শিল্পের জন্য এটি ক্ষতিকর পদক্ষেপ –এ মন্তব্য করে শিল্পের জন্য বেশ কিছু সহায়ক পদক্ষেপ রাখায় প্রস্তাবিত বাজেটের প্রশংসা করেন আতিকুল ইসলাম।
নিরাপদ, ঝুঁকিমুক্ত ও কমপ্লায়েন্ট পোশাক কারখানা গড়ে তোলার জন্য অগ্নিনির্বাপন যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম ও প্রি-ফেব্রিকেটিড বিল্ডিং বিভিন্ন উপকরণ আমদানিতে ১৫% মূল্যসংযোজন কর প্রত্যাহার এবং অনেক পণ্যের ক্ষেত্রে সম্পূরক ভ্যাট কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ বলে জানান তিনি।
একইসঙ্গে অগ্নি নির্বাপক, নিরাপত্তা ও বিদ্যুৎ সাশ্রয়ী এবং অবকাঠামোগত পণ্যে আমদানির উপর থেকে শুল্ক কমানোর সিদ্ধান্ত এই শিল্পের জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন বস্ত্র ও তৈরি পোশাক শিল্প মালিকরা। তবে সকল প্রকার রপ্তানি মূল্যের উপর উৎসে আয়কর ০.০৩ থেকে ১% উন্নীত করায় হতবাক তারা।
গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার কারণে বস্ত্র পোশাক শিল্প টিকিয়ে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে— উল্লেখ করে বিজিএমইএর সভাপতি বলেন, এ অবস্থায় প্রতিযোগিতায় টিকে থাকতে সরকারের প্রত্যক্ষ সহায়তা প্রয়োজন আর এ জন্য সরকারের দেয়া প্রণোদনা অব্যাহত রাখার দাবি জানান তিনি।
রপ্তানিমুখী শিল্পে দক্ষ শ্রমিক তৈরির জন্য বাজেটে ১০০ কোটি টাকার বরাদ্দ রাখার ঘোষণাকে স্বাগত জানিয়ে বিজিএমইএ এটিকে অগ্রাধিকার দিয়ে বরাদ্দ আরো বাড়ানোর দাবি জানিয়ে— তিনি মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত রাখার কথা বলেন।