প্রস্তাবিত বাজেটের কয়েকটি বিষয়ে পরিবর্তন এনে পাস হয়েছে অর্থবিল-২০১৫— সোমবার বিকেলে জাতীয় সংসদে সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে বিলটি পাস হয়।
এ সময় প্রধানমমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ওপর প্রস্তাবিত ১০% শুল্ক কমিয়ে সাড়ে ৭ এবং তৈরি পোশাকসহ রপ্তানি পণ্যে প্রস্তাবিত উৎসে কর .৬% নির্ধারণ করা হয়েছে।
এর পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ন্যূনতম কর ৫ হাজার এবং সিটি কপোরেশনের বাইরে ৩ হাজার টাকা নির্ধারণ করে অর্থবিল পাস করা হয়েছে। এসব বিষয় নিয়ে আগামীকাল- মঙ্গলবার পাস হবে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট।
প্রায় তিন লাখ কোটি টাকার প্রস্তাবিত বাজেটের ওপর অনেক আলোচনা-সমালোচনা শেষে জাতীয় সংসদে সংসদ সদস্যদের ভোটে সোমবার পাস হলো অর্থবিল ২০১৫।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রস্তাবিত বাজেটের ৬টি যায়গায় পরিবর্তন আনতে অর্থমন্ত্রীকে অনুরোধ করেন।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর আরোপিত ভ্যাট ১০% থেকে কমিয়ে সাড়ে ৭%, তৈরি পোশাকসহ রপ্তানি পণ্যে উৎসে কর .৬% করার প্রস্তাব করেন তিনি।
প্রধানমন্ত্রীর ছয়টি প্রস্তাবই গ্রহণ করেন অর্থমন্ত্রী।
এর পাশাপাশি বাজেটে প্রস্তাবিত আরও কিছু বিষয়ের উপর পরিবর্তন আনেন তিনি।
বই আদমানিতে প্রস্তাবিত ৫% শুল্ক প্রত্যাহার, ইন্টারনেট ব্যবহারের উপর প্রস্তাবিত সম্পূরক শুল্ক ৫ থেকে কমিয়ে ৩%, এলসিডি, এলইডি টেলিভিশনের যন্ত্রপাতি আমদানির ওপর শুল্ক ৫ থেকে বাড়িয়ে ১০% করা হয়েছে। তেলবীজ, শুকনা মরিচসহ নিত্যপণ্য আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহার কার হয়েছে। বাড়ি বা ভবন নির্মাণের ওপর থেকেও কর প্রত্যাহার কার হয়েছে।
বিলটি পাশের আগে, ৬ জন সংসদ সদস্য এর ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব দেন। কিন্তু অর্থমন্ত্রী তা প্রত্যাখ্যান করেন।
সব মিলিয়ে জাতীয় সংসদে মঙ্গলবার ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার বাজেট পাস করা হবে।