দেশে সহিংস রাজনীতির কারণে ক্ষতি হয়েছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১%। এছাড়া দুর্নীতির কারণে ক্ষতি হয় ২% থেকে ৩% বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার রাজধানীর এনইসি ভবনে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মুহিত বলেন, রাজনৈতিক সহিংসতা মোকাবেলা করা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন দিয়ে আর তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে, সরকার দুর্নীতি মোকাবেলার পরিকল্পনা করছে।
এরমধ্যে বিনিয়োগ এবং কর্মসংস্থানের লক্ষ্য অর্জনকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী।
এর পাশাপাশি দুর্নীতি এবং রাজনৈতিক সহিংসতাকেও অর্থনীতির জন্য চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে— এসব মোকাবেলায় বাস্তব পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান আবুল মাল আবদুল মুহিত।
জিডিপির প্রবৃদ্ধি এবং সামাজিক সূচকে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা অর্জন করতে খুব সমস্যা হবেনা বলে মনে করেন তিনি।
এর আগে বৈঠকে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম।
এতে, ২০২০ সাল নাগাদ ৮% জিডিপি প্রবৃদ্ধি এবং ১ কোটি ৮৭ লাখ লোকের কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রবৃদ্ধির গতিকে ত্বরান্বিত করা এবং দেশের প্রত্যেকটি নাগরিককে ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে ১ জুলাই থেকেই যাত্রা শুরু করেছে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা।
দাতাগোষ্ঠী এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের যৌথ এ বৈঠকে পরিকল্পনার বিস্তারিত উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম।
এ পরিকল্পনায় ২০২০ সাল নাগাদ দেশে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে ৮%। শ্রমবাজারে আসা ১ কোটি ২৫ লাখ মানুষের জায়গায় কর্মসংস্থান হবে ১ কোটি ৮৭ লাখ লোকের। মুল্যস্ফীতি নেমে আসবে সাড়ে ৫% এবং বিনিয়োগ বেড়ে দাঁড়াবে জিডিপির সাড়ে ৩৪%।