কয়েকদিনের বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বাজারগুলোতে বেড়েছে কাঁচা মরিচ ও ধনে পাতার দাম। একই অজুহাতে বেড়েছে ব্রয়লার মুরগির দামও। এছাড়াও অন্যান্য সবজি ও মাংসের দাম রোজার শেষের দিকে মোটামুটি স্থিতিশীল রয়েছে।
ঈদকে সামনে রেখে পোলাও এর চালের দাম কিছুটা বাড়লেও অন্যান্য চালের দাম বাড়েনি। বৃষ্টিতে সব কিছুর দাম কিছুটা প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
তবে বৃষ্টির কারণে রাজধানীর বাজারগুলোতে খুব একটা প্রভাব না পড়লেও কাঁচা মরিচ ও ধনে পাতার দাম বেড়েছে বহুগুণে। বর্তমানে ১৬০ টাকা কেজি কাঁচা মরিচ ও ৬৬ টাকা কেজি ধনে পাতা বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে অন্যান্য সব ধরনের সবজির দাম।
এছাড়া ছোলা, ভোজ্য তেল, ডালসহ অন্যান্য পন্যের দাম নতুন করে আর বাড়েনি।
এদিকে, গরু ও খাসীর মাংসের দাম না বাড়লেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। তিন দিনে বেড়েছে কেজি প্রতি ৫ টাকা করে।