শতকরা ৯৯% পোশাক কারখানার বেতন-ভাতা পরিশোধ আর ৯৫% ভাগ কারখানার বোনাস পরিশোধ করা হয়েছে জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএয়ের সভাপতি মো. আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সোয়ান গার্মেন্টসের বেতন-ভাতা পরিশোধ নিয়ে সৃষ্টি সমস্যার সমাধান এখন তাদের হাতে নেই—উল্লেখ করে বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে বলে জানান তিনি।
শ্রমিক-কর্মচারীদের দাবি, বেতন-ভাতা পরিশোধ নিয়ে অতীতে সমস্যা হয়েছে এমন ১৪৮৯ টি কারখানাকে এবার নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছিল—এ কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কারখার মধ্যে ১৪৮৭টি কারখানা এরইমধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করেছে।
তবে এখনো পর্যন্ত সোয়ান গার্মেন্টসের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান হয়নি—মন্তব্য করে বিজিএমইএয়ের সভাপতি বলেন, সোয়ান গার্মেন্টসে মার্চ পর্যন্ত উৎপাদন হয়েছে ওইসময় পর্যন্ত সব শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে।
বাকি সমস্যা সমাধানের বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে বলেও এ সময় জানান তিনি।
বিজিএমইএর দেয়া তথ্যমতে, ৯৬% শ্রমিকরা বেতন-ভাতা নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন।