ঈদ-উল আযহায় ঢাকার দুই সিটি করপোরেশনে প্রায় ৫০০টি নির্দিষ্ট স্থান পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে। এছাড়াও নির্দিষ্ট জায়গায় পশু জবাই করতে রাজধানীবাসীর প্রতি অনুরোধও জানিয়েছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দেশের সব সিটি করপোরেশনের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এতে বলা হয়, কোরবানির জন্য প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৮৫টি এবং উত্তরে ২০৮টি স্থান নির্ধারণ করা হয়েছে। তবে এসব স্থানে কোরবানি দিতে কাউকে বাধ্য করা যাবে না।
এছাড়াও চট্টগ্রাম সিটি করোপেরশনেও ২০টি স্থান পশু জবাইয়ের জন্য ঠিক করা হয়েছে। এ বিষয়ে সচেতনতা তৈরিতে স্থানীয় প্রতিনিধি, মসজিদ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানানো হয়।
এবার ঢাকা দক্ষিণের ১০টি ও উত্তরের ৬টি নির্দিষ্ট স্থানে অস্থায়ী পশুর হাট বসানো যাবে।
তবে রেললাইনের ওপর, হাসপাতালের কাছে বা যাওয়ার পথে এবং জনগণের চলাচলে অসুবিধা হয় এমন জায়গায় হাট না বসানোর কথাও জানানো হয়েছে সভায়।