আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে ডিজেলের দাম কমানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
শনিবার সকালে এফবিসিসিআই কার্যালয়ে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবির কথা তুলে ধরেন সংগঠনটির সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, শিল্পের চাহিদা মতো সরকার গ্যাস দিতে পারছে না।
এ অবস্থায় ডিজেলের দাম কমালে, গ্যাসের বিকল্প হিসেবে তারা ডিজেল ব্যবহার করতে পারবেন বলে জানান তিনি।
তবে, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের ব্যাপারে কোনো আপত্তি করেনি এফবিসিসিআই।
বর্ধিত দামে হলেও তারা নিরবচ্ছিন্ন ও গুণগত মান সম্পন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে।
দেশে গ্যাসের মজুদ ফুরিয়ে আসায় আগামীতে গ্যাসভিত্তিক শিল্প স্থাপনে ব্যবসায়ীদেরকে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হবে বলেও জানান আবদুল মাতলুব আহমাদ।