শিক্ষার্থীদের নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই ভ্যাট পরিশোধ করতে হবে বলে আবারো জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ব্র্যাক ও ডেবিট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠান ‘বিতর্ক বিকাশের’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় ভ্যাট পরিশোধকে পুজি করে বেসরকারি বিশ্ববিদ্যালয় যেন টিউশন ফি না বাড়ায় সে বিষয়ে সতর্ক থাকতে শিক্ষার্থীদের প্রতি এ সময় আহ্বান জানান অর্থমন্ত্রী।
মুহিত বলেন, ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই দিতে হবে আর এ অজুহাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন টিউশন ফি না বাড়াতে পারে সে বিষয়ে সতর্ক থাকতে শিক্ষার্থীদের পরামর্শ দেন।
তিনি বলেন, উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে রাজস্ব সংগ্রহের আওতা বাড়ানোর কোনো বিকল্প নেই। সে কারণেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপ করা হয়েছে।
এদিকে, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনা ও পরিচালনায় ফাইনালে মুখোমুখি হয় নাটোরের আগ্রাণ উচ্চ বিদ্যালয় ও মুন্সীগঞ্জের বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয়।
বিতর্ক বিকাশের ফাইনালে নাটোরের আগ্রাণ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে শীর্ষস্থান অধিকার করে মুন্সীগঞ্জের বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয়।