উৎসবভাতা বাধ্যতামূলক করে শ্রম আইনের বিধিমালা বুধবার গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
বৈঠকে পোশাক শ্রমিকদের ঈদের বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতন ২০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করতে মালিকপক্ষের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
এ ছাড়া ঈদের আগে চলতি মাসের ১৫ দিনের বেতন দেয়া হবে— এ কথা উল্লেখ করে শ্রম আইনে উৎসব ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও প্রতিমন্ত্রী জানিয়েছেন।
তিনি বলেন, ‘শ্রম আইনে উৎসব ভাতা দেয়ার কথা না থাকলেও মালিকেরা এটি দিয়ে আসছেন— এজন্য ২০ তারিখের মধ্যে এই উৎসব ভাতা পরিশোধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া শ্রম আইন অনুসারে বেতন পরবর্তী মাসের সাত কর্মদিবসের মধ্যে পরিশোধের কথা। কিন্তু ঈদের কারণে শ্রমিকদের অন্তত ১৫ দিনের বেতন দেয়ার অনুরোধ করা হয়েছে। এতে তারা রাজি হয়েছেন।’
যারা এই সময়ের মধ্যে বেতন-বোনাস দিতে পারবে না তাদের শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তারিখ ঠিক করে নিতে বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইনের বিধি চূড়ান্ত হয়েছে। আগামীকাল এর গেজেট জারি হবে। ওই বিধিতে উৎসব ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভায় ঈদের ছুটি আগের মতো পর্যায়ক্রমে দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।