প্রায় এক লাখ সাতাত্তর হাজার কোটি টাকা আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে সারাদেশে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় আয়কর মেলা-২০১৫। বুধবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এর উদ্বোধন করেন।
বাংলাদেশকে ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত করতে করদাতাদের সঠিকভাবে আয়কর দেয়ার আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, সরকারের ব্যয় হলো জনগণের আয় আর জনগণের ব্যয়ই হবে সরকারের আয়।
করখেলাপীদের উৎসাহী করতেই এ মেলার আয়োজন বলে জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ১৬ কোটি মানুষের দেশে বর্তমানে করদাতার সংখ্যা মাত্র ১৮ লাখ। এর মধ্যে নিয়মিত কর দাতা ১২ লাখ। যারা নতুন করে করের আওতায় আসতে চান, তাদের জন্য খোলা হয়েছে হেল্প ডেস্ক।
২০১৫-১৬ অর্থবছরের বাজেটে রাজস্ব আয়ের প্রায় ৬৬ হাজার কোটি টাকা আয়কর থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর শুধু এ মেলা থেকেই দেড় হাজার কোটি টাকারও বেশি আদায়ের লক্ষ্যমাত্রা ধরেছে রাজস্ববোর্ড।
এদিকে, মেলায় আয়কর প্রদানের পাশাপাশি, নতুন করদাতাদের সনাক্তকারি নম্বর বা টিআইএন দেয়া হচ্ছে। রাজধানীসহ সারাদেশে এ মেলা চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত।