রাজধানীর কাঁচা বাজারে এখনও ঈদের ছুটির আমেজ—শুক্রবার ছুটির দিনেও বাজার অনেকটাই ক্রেতা শুণ্য। তবে বাজার না জমলেও থেমে নেই শাক-সবজির দামের উলম্ফন। সরবরাহ কমের অজুহাতে কোনো কোনো সবজির দাম বেড়েছে দ্বিগুন। মাছের দাম না কমলেও, আগামী সপ্তাহ থেকেই সরবরাহ বাড়বে বলে আশা ব্যবসায়ীদের।
ছুটির দিন, শুক্রবারের বাজার। অনেকটাই অলস ভঙ্গিতে বসে আছেন দোকানিরা। ক্রেতা নেই, নেই বিকিকিনি। তবে এর মধ্যেও দুই-একজন ক্রেতা যাও আসছেন, হতাশ হচ্ছেন বাজারের আচরণে। মিলছে না ঈদের আগের সঙ্গে বর্তমানের বাজার দর।
যেমন করল্লা; ঈদের আগের ছিল ৩০ থেকে ৩৫ টাকা কেজি আর এখন ৬৫ থেকে ৭০ টাকা কেজি। করল্লার তিক্ততা যেন, মিশেছে অন্যান্য শাক-সবজিতেও।
ক্রেতা কম, তাই চাহিদাও কম। তাই শাক-সবজির দামও কম থাকার কথা কিন্তু বাস্তবে ঘটছে উল্টো। এ জন্য সরবরাহ কম থাকাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা।
তবে মন্দের ভাল মাছের বাজার। দাম বাড়েনি, আবার কমেওনি। ব্যবসায়ীরা আশা করছেন, আগামী সপ্তাহ থেকেই সরবরাহ বাড়লে দাম আরও কিছুটা কমবে।
তেল, আদা রসুন ও পেয়াজসহ আন্যান্য মসলার দাম ঈদের আগের মতই আছে। তবে আলুর কেজিতে বেড়েছে ৩ টাকা।