আগামী জানুয়ারি থেকে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটানের মধ্যে ৪ দেশিয় সড়ক যোগাযোগ শুরু হবে— এ উদ্যোগ বাস্তবায়নে ভারতকেই বেশি কার্যকর ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে ঢাকা চেম্বার অব কর্মাস আয়োজিত সংক্রান্ত সেমিনারে তিনি এ কথা বলেন।
এ উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে—উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্ধারিত সময়েই সড়ক পথে ৪ দেশের মধ্যে যোগাযোগ শুরু হবে। এরইমধ্যে এডিবির অর্থায়নে প্রায় সতেরোশ' কিলোমিটার দুই লেনের সড়ক নির্মাণে সমীক্ষা চলছে।
সম্প্রতি দুই বিদেশি হত্যাকাণ্ড নিয়ে ওবায়দুল কাদের বলেন, এ সব ঘটনা প্রতিবেশী দেশগুলো স্বাভাবিকভাবে দেখছে। যারা বা যেসব দেশ এ নিয়ে সমালোচনা বা তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে তারা অবিচার করছে। তবে এতে কোনও উদ্যোগই বাধাগ্রস্ত হবেনি।
ট্রানজিটসহ অন্যান্য সুবিধার জন্য চট্টগ্রাম, মংলা বন্দরে কাজ চলছে আর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন-ডব্লিউটিও এর নিয়ম অনুযায়ী ট্যারিফ এবং কস্ট এন্ড ফি-ও নির্ধারিত হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।
এছাড়াও সেমিনারে চার দেশীয় সড়ক যোগাযোগ বা বিবিআইএন বাস্তবায়নের পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোতে ভিসা সহজীকরন, পণ্য আমদানি-রপ্তানিতে ভারতের এ সংক্রান্ত আইন সংশোধনসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন ব্যবসায়ীরা।
এ সময় ব্যবসায়ীরা সার্ক দেশগুলোর মধ্যে ভিসা সহজীকরন, আমদানি-রপ্তানির ক্ষেত্রে ভারতের আইন সহজকরাসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সেমিনারে।
সেমিনারে বলা হয়, ৪ দেশি সড়ক যোগাযোগ বাস্তবায়নের প্রথম পর্যায়ে নভেম্বরে ৪ দেশে রোড শো অনুষ্ঠিত হবে।