চলতি ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬.৫% হতে পারে। তবে ভোগ বৃদ্ধি ও রপ্তানি বাড়ার ওপর তা নির্ভর করছে জানিয়েছে বিশ্বব্যাংক।
মঙ্গলবার সকালে বিশ্বব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য উপস্থাপন করেন।
অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, সরকার চলতি অর্থ বছরের বাজেটে ৭% জিডিপি প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা ধরেছে সেটা অর্জন করা সম্ভব তবে এজন্য বেসরকারি খাতে বিনিয়োগ বর্তমানের চেয়ে অনেক বাড়াতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা ভালো— সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল পথে আছে আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো। ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণও কম। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে।
বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অর্থবছরে ৭% প্রবৃদ্ধি অর্জনের আশা করলেও গত জুনে বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ প্রতিবেদনে বলা হয়, এটি ৬.৩% বেশি হবে না।
রাজনৈতিক অনিশ্চয়তাই অর্থনীতির গতি কমিয়ে দেবে বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছিল।
তবে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় এবং সরকারি-বেসরকারি খাতে বিনিয়োগ, রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ বাড়ায় ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশে ৬ .৭% প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
গত মাসে এডিবির বার্ষিক প্রতিবেদন ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৫’-এ পূর্বাভাস পাওয়া যায়।
অর্থমন্ত্রী সংসদে জানান, জুনে ঘোষিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে ৭% প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয় তা অর্জন ‘অসম্ভব কল্পনা’ বা ‘অলীক স্বপ্ন’ নয়।