দেশে বিনিয়োগের ক্ষেত্রে সরকারের প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রিতাই বড় বাধা—উল্লেখ করে এ কারণে অনেকেই এখন দেশের বাইরে বিনিয়োগে ঝুঁকছেন বলে মন্তব্য করেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ কে আজাদ।
বুধবার রাজধানীতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আজাদ বলেন, অবকাঠামোগত পর্যাপ্ত সুবিধা না থাকা, জটিল সরকারি নীতি এবং অর্থ-লগ্নির ক্ষেত্রে ঝুঁকির কারণেই বিদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন দেশি বিনিয়োগকারীরা।
এ সময় বিদেশে বিনিয়োগের ক্ষেত্রের প্রতিবন্ধকতা দূর করতে এবং সরকারকে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে আহ্বানও জানান সাবেক এ সভাপতি।
তবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, বিদেশে বিনিয়োগ যে ঝুঁকি ও প্রতিযোগিতা রয়েছে তার চাইতে দেশে বিনিয়োগ করা আরো বেশি যুক্তিসঙ্গত।
সরকারকে ব্যবসা সংক্রান্ত নীতি সহজ করা এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানোর পরামর্শ দেন তিনি।
দেশি-বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানির পর্যাপ্ততা নিশ্চিত করতে চলতি বাজেটে বেশ কয়েকটি বড় প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার।
এতে, শিল্পখাতে বিপুল পরিমান অর্থ বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেও আশা করছে সরকার। বাস্তব ক্ষেত্রে সরকারের এসব পদক্ষেপে খুব একটা ভরসা রাখতে পারছেন না ব্যবসায়ীরা।